চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনার একপর্যায়ে ছুরিকাঘাতে বাবু নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নাজিরহাট ট্রেন স্টেশন এলাকার মুসা সওদাগরের বাড়িতে বিয়ের সামাজিক বৈঠক চলছিল। বৈঠকে একই বাড়ির জসিমের সঙ্গে বাবুর বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে।
পরে অতিরিক্ত রক্তক্ষরণে বাবু ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় বৈঠকে থাকা বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু ও চাচাত ভাই ইমন তাকে উদ্ধার করতে গেলে জসিম তাদের হাতেও ছুরি দিয়ে আঘাত করে। আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের ভূঁইয়া। তিনি জানান, অভিযুক্তকে এলাকাবাসী আটক করে রেখেছে। তার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।