মানিকগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাতো ভাই। সদর উপজেলার গিলন্ড এলাকা দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে শনিবার (৬ ডিসেম্বর) সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো, গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) ও আজগরের ছেলে জামিল (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়, এদিন সকালে ঘুম থেকে বাড়ির পাশের মাঠে খেলতে থাকে জুনায়েদ ও জামিল। এ সময় পরিবারের অজান্তে মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে যায় এ দুই শিশু। তাদের মাঠে না দেখতে পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।