ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বেতাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মন্ডল (৪০) গ্রামের মাঠপাড়ার শফি উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শফি উদ্দিনের ছোট ছেলে সাব্বির আহম্মেদ জুয়েল দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। প্রবাসে থাকাকালীন বড় ভাই সোহেলের কাছে টাকা-পয়সা পাঠাতেন। দুই মাস আগে জুয়েল বাড়ীতে ফিরে বড় ভাইয়ের কাছে টাকা পয়সার হিসাব চাইলেও বড় ভাই কোন হিসাব দেয়নি। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে বিবাদ চলে আসছিলো। সম্প্রতি সংসার আলাদা করে দুই ভাই।
রোববার দুপুরে বাড়িতে থাকা জ্বালানি ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মাঝে আবারো বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইয়ের দিকে বটি ছুড়ে মারে। এতে ছোট ভাই জুয়েলের পা কেটে যায়। পরে জুয়েল ওই বটি দিয়ে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করে। এতে গুরুতর আহত বড়ভাই সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।