বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে পৌর আমির ইসাহাক আলি খানের নির্দেশনায় এবং পৌর সেক্রেটারি আল-আমিন শেখের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর–১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। এতে পৌর জামায়াতের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে হাসপাতালের আঙ্গিনা, ড্রেনেজ ব্যবস্থা, ওয়াশ ব্লক, টয়লেট, করিডোর, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। অংশগ্রহণকারীরা জানান, জনস্বাস্থ্য রক্ষায় হাসপাতালকে পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিযানের সময় উপস্থিত ছিলেন- পিরোজপুরের সিভিল সার্জন, সদর হাসপাতালের কর্তৃপক্ষ এবং আরএমও। তারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে একটি বাসযোগ্য পিরোজপুর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।