জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘ঘর বিএনপিরও ভাঙবে, জামায়াতেরও ভাঙবে, শুধু দোয়া-দরুদ পড়লে নদী ভাঙন রোধ হবেনা।’
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে এনসিপির ‘মার্চ ফর চেঞ্জ’ পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি, আমি এসেছি হাতিয়ার মানুষের পক্ষে কথা বলতে। মজলুমের পক্ষে ও জালিমের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। আমরা গোলামীর জিঞ্জির ভাঙতে সক্ষম হয়েছি। একবছর আগে কথা দিয়েছিলাম হাতিয়ার নদী ভাঙন রোধে জিও ব্যাগ ও ফেরি সার্ভিস চালু করবো। এখন তা দৃশ্যমান হতে শুরু করেছে।
বলেন বলেন, ‘নৌ-ঘাটের অনিয়মে শুধু মোহাম্মদ আলীর (সাবেক এমপি) নাম রটে গেছে। এখন কারা যাত্রী হয়রানি করে? কারা অনিয়ম করে?’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়ার বিষয়ে হান্নান মাসউদ জানান, হাতিয়ার মানুষ যদি আমাকে নির্বাচন করতে বলে তবেই করবো। ভোটের জন্য মারামারি-হানাহানি করতে পারব না।
হাতিয়ার নদী ভাঙন রোধ ও উন্নয়নের বিষয়ে দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানানোর এক পর্যায়ে উপস্থিত জনতা ও কর্মী-সমর্থকদের নিয়ে ‘বেকে আইয়েন মিলি যায়, দ্বীপ বাঁচাইবার শেষ লড়াই, বেকে আইয়েন মিলি যায় হাতিয়ারে বদলাই’ শ্লোগানে মার্চ ফর চেঞ্জ পথসভাকে মুখরিত করে তোলেন।
এর আগে ‘মার্চ ফর চেঞ্জ’ কর্মসূচির লক্ষ্যে আব্দুল হান্নান মাসউদ ঢাকা থেকে নোয়াখালী হয়ে চেয়ারম্যান ঘাট থেকে স্পিডবোট দিয়ে হাতিয়ার নলচিরা ঘাটে এসে পৌঁছান। এসময় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানান।
পথসভা শেষে তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হোন্ডা ও গাড়ি যোগে শোডাউন করে জাহাজমারা এলাকার দিকে রওনা হন।