জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) আওতাধীন কড়িয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় জিরা, ডাব, সাবান, চাল চকলেট ও দারুচিনি সহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আটক করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ এলাকা থেকে পণ্যগুলো আটক করা হয়।
বিজিবি সুত্র জানায়, কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মো. আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চোরাকারবারীরা ভারতীয় পণ্যগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার পথে কোতোয়ালীবাগ নামক স্থানে বিজিবির ধাওয়া খেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে পণ্যগুলো উদ্ধার পূর্বক হিলি শুল্ক অফিসে জমা দেওয়া হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার ৬০০ টাকা।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মাদক পাচার, অবৈধভাবে সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।