সিরাজগঞ্জ সদর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও পরবর্তীতে বিয়ে না করার অভিযোগে ভুক্তভোগীর বড় বোন সম্পা খাতুন গত ৯ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জ সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, জুয়েল রানার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।