সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ–রানীরহাট আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার বেড়খালি নামক নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সড়কে গাছ ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দেশীয় অস্ত্রের মুখে ১০ থেকে ১৫ জন পথচারীর কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেওয়া হয়। এসময় এক পথচারী খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যান।
ভুক্তভোগীদের একজন পাবনা জেলার চাটমোহর উপজেলার রতনপুর গ্রামের ট্রাকচালক ডাবলু সেখ জানান, হঠাৎ সড়কে গাছ পড়ে থাকতে দেখে গাড়ি থামাতেই ডাকাতরা ঘিরে ধরে।
এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই এভাবে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। পর্যাপ্ত আলো ও নিয়মিত টহল না থাকায় দুষ্কৃতকারীরা সুযোগ নিচ্ছে। দ্রুত রাতের টহল জোরদার ও সড়কে ল্যাম্পপোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।