গাজীপুরের পূবাইলে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হলে কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।
কারখানাটিতে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়। আগুনের তীব্রতায় কারখানার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের এলাকা ফাঁকা করে দেয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন।
আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।