নিজ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা (৫৮) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলেন আফজাল হোসেন। সেখান থেকে বের হওয়ার পথে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে কার্যালয়ে নিয়ে যায়।
দুপুর তিনটার দিকে তাকে সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে ডিবি। আফজাল হোসেন রানাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে চারটার দিকে আদালতে পাঠানো হয়। সেখানে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আফজাল হোসেন দুই মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী পক্ষে অবস্থান নেওয়ায় পদগুলো হারাতে হয়েছিল।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান বলেন, পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান হয়েছে।