সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীতে একটি ড্রেজারের ইঞ্জিন কক্ষ থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে চৌহালী নৌ-পুলিশ। নিহত হাফিজুল ইসলাম হাফিজ জালালপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে। যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাঁধের পাশে বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, রোববার (২১ ডিসেম্বর) রাতে হাফিজ চারজন সহযোগীর সঙ্গে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন কক্ষে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে সহযোগীরা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেন।
নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহতের সহযোগীদের ভাষ্যমতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।