অভাবের কাছে হার মানেনি বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কোমলাই গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা কিশোর শেখ মোজাহিদ (১৬)। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে দারিদ্র্যের কারণে আর এগোতে পারেনি শিক্ষাজীবন। তবে তার ভেতরের উদ্ভাবনী শক্তিই তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি।
তার বাড়ির সামনে সাইকেল, রিকশা ও ভ্যানের একটি ছোট গ্যারেজ দিয়েছে মোজাহিদ। তার বাবা শেখ আজিবর পেশায় একজন ভ্যানচালক। পরিবারের আর্থিক টানাপোড়েনের মধ্যেই মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে প্রায় ছয় মাস ধরে পরিশ্রম করে সে তৈরি করেছে এক ব্যতিক্রমী মোটরসাইকেল।
মোটরসাইকেলটির সামনে সাইকেলের চাকা এবং পেছনে মোটরসাইকেলের চাকা ব্যবহার করা হয়েছে। এতে ফ্রিডম গাড়ির ইঞ্জিন সংযোজন করা হয়েছে। এই বাইকে তিন ধরনের আলাদা সাউন্ড পাওয়া যায়। বাইকটি এক লিটার তেলে প্রায় ৬০ কিলোমিটার পথ চলতে পারে।
এই অভিনব মোটরসাইকেল দেখতে এখন দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। কেউ উৎসাহ দিচ্ছেন, কেউ অবাক হয়ে দেখছেন ওই মোটরসাইকেল।
স্থানীয়রা বলছেন, যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে শেখ মোজাহিদের মতো মেধাবী তরুণ ভবিষ্যতে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মোজাহিদের স্বপ্ন একদিন আরও উন্নত যান তৈরি করে নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর পাশাপাশি দেশকে কিছু দেওয়া।