কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদ তীরে মায়ানমার বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বাংলাদেশি যুবকের। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল। আহত হানিফ তেচ্ছিব্রিজ এলাকার বাসিন্দা। তিনি সকালে মাছ ধরতে গিয়ে ছিলেন বলে জানা গেছে।
শাহজালাল বলেন, গতকাল রোববার নাফনদ তীরের তেচ্ছিব্রিজ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গাদের মধ্যে গুলি বিনিময়ের স্থানেই আজ মাইনটি বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে উখিয়ায় দায়িত্বরত ৬৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, নাফ নদীর সীমান্তবর্তী এলাকায় একটি মাইন বিস্ফোরণ ঘটেছে। সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় স্থলমাইন পুঁতে রাখা হয়েছে। কোন কোন স্থানে এসব মাইন রয়েছে, তা শনাক্তে কাজ চলছে।
এদিকে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে জানান, নাফ নদী ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনসাধারণকে সতর্ক করার দাবি জানিয়েছেন।
এর আগে গতকাল রোববার একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।