কুড়িগ্রাম শহরে ট্রাকচাপায় নজরুল ইসলাম (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের তারামন বিবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এদিকে এ দুর্ঘটনার পর আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিলেন।
পাশাপাশি তিনি যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি থেকে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারামন বিবি মোড় এলাকায় সোনাহাট স্থলবন্দর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চাপা দেয়া ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।