রাঙামাটির কাপ্তাই-আসামবস্তি সড়কে গাছভর্তি একটি মিনি পিকআপ খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আরো একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে মগবান ইউনিয়নের কামিলাছড়ির রাইন্যা তুগুন রিসোর্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সাদেক চাকমা (৩৮) ও শান্তি প্রসাদ চাকমা (৫০) কামিলাছড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন বিনয় চাকমা (৩৫) নামে আরেকজন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কামিলাছড়ির রাইন্যা তুগুন রিসোর্ট এলাকায় গাছভর্তি একটি পিকআপভ্যান ঢালু রাস্তা থেকে উপরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় পিকআপে থাকা তিনজনই চাপা পড়েন। ঘটনাটি স্থানীয়রা খবর পেয়ে তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠালে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, রাঙামাটি মগবান এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।