মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা নৌ পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবাচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেখানে তার নাম জয় চক্রবর্তী উল্লেখ রয়েছে। তিনি কুমিল্লার স্বদেশ চক্রবর্তীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মেঘনা নদীর ওই অংশে নদীর বাঁক থাকায় উজান থেকে ভেসে আসা বিভিন্ন বস্তু এখানে এসে আটকে যায়। এ কারণে এর আগেও একই স্থান থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।