চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মুহাম্মদ আবু নাছের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। জোটের স্বার্থে ন্যাশনাল পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন দিতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নগর জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর নির্বাচনি পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম এবং দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীসহ আরও অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং জোটের স্বার্থ বিবেচনা করে ডা. আবু নাছের নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচনে এনসিপি প্রার্থীকে সমর্থন করবেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের জন্য নির্বাচনী জোটের অংশ ন্যাশনাল পার্টিকে (এনসিপি) আসন ছাড় দেওয়ার কথা থাকলেও মনোনয়ন প্রত্যাহার না হওয়ায় ‘অনভিপ্রেত’ হিসেবে উল্লেখ করেছিলেন এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ।