হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) পরিচালিত একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় বাহরাইন, জর্ডান, কাতার ও সিরিয়ার সঙ্গে নিন্দা জানিয়েছে সৌদি আরব এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
হামলার জন্য ইরানকে দায়ী করেছে আমিরাত। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটি।
আল জাজিরার আজ রোববারের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই নিন্দনীয় হামলা সামুদ্রিক নৌ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপরও হামলা।’
বিবৃতিতে বলা হয়, ‘ধারাবাহিক এসব আগ্রাসী কর্মকাণ্ডের পরিণতির জন্য ইরানকেই দায়ী করে রিয়াদ। এসব লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে।’
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই ধরনের বিবৃতি দিয়েছে। তারা এই হামলাকে ‘সামুদ্রিক নৌ চলাচল ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি’ বলে উল্লেখ করেছে।
এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলারও দাবি জানিয়েছে ইয়েমেন।