ভোলার লালমোহন উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরে বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার আবুল কালাম মাতাব্বর (৪৫) ও মো. অলি উল্যাহ (৫৮)। তারা দুজন সম্পর্কে শ্যালক-দুলাভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে কর্তারহাট এলাকায় মাহফিল শুনতে রওনা দেন আবুল কালাম মাতাব্বর ও অলি উল্যাহ। এরপর তারা মোটরসাইকেল নিয়ে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই মারা যান তারা। পরে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর পর বাসটি থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।’