কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘এই দেশের জন্য ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে যেন শাহাদতের মর্যাদা দান করেন। আমরা তাদের পথেই চলতে চাই। কারণ, এই দেশটাকে আমরা আর কারো গোলামে পরিণত করতে চাই না।’
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া রায়াডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘একজন মহান বান্দা আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান বাংলাদেশের গর্ব শহীদ আবরার ফাহাদ তার কবরের পাশে দাঁড়িয়ে আছি। এতো মেধাবী ছিল ছেলেটা আমরা তো শুনেছি। সে মেধার মূল্যায়ন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এদেশের জালেম শাসক তাকে মেনে নিতে পারেনি। শহীদদের মর্যাদা আল্লাহ এতো দিয়েছেন যে, তারা মরে গেছে এই কথা বলাও নিষেধ। এমনকি ধারণা করাও যাবে না তারা মারা গেছে। তারা শুধু এই জগত থেকে আর একটা জগতে পাড়ি জমিয়েছে।’
আমির হামজা বলেন, ‘এই দেশকে যেন আমরা সত্যিই আগামীতে বৈষম্যমুক্ত করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এই সমস্ত থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি।’
এসময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহসহ স্থানীয় জামায়াতকর্মীরা উপস্থিত ছিলেন।