অভিমান ভুলে বান্দরবানে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী’র পক্ষে প্রচারণায় নেমেছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা এবং তার গ্রুপের নেতাকর্মীরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের জজকোর্ট এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাবেদ রেজা। প্রচারণাকালে বান্দরবান বাজার, মারমা বাজারসহ আশপাশের এলাকাগুলোতে ধানের শীষের পক্ষে ভোটারদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করে ভোটারদের সঙ্গে কুশূল বিনিময় করেন তিনি।
এদিকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা ধানের শীষ প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী’র পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় নির্বাচনী জোয়ার এসেছে বিএনপির পক্ষে। অভিমান ভুলে জাবেদ রেজা গ্রুপের পাহাড়ি-বাঙালি নারী-পুরুষেরাও নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন।
প্রচারণাকালে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বান্দরবানের মাটি ধানের শীষের ঘাঁটি। ধানের শীষের বিজয় সুনিশ্চিত। কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে পারবে না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা ফলাফল ঘোষণার আগ পর্যন্ত রাজপথে থাকবে।’