আগামী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান রংপুর সফর শেষে চলে যাওয়ার পর গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে যাওয়ার পর আবু সাইদের বাবা জানান, তারেক রহমান আশ্বাস দিয়েছেন যে, প্রধানমন্ত্রী হলে আবু সাইদ হত্যাকাণ্ডসহ জুলাইয়ে সংঘটিত অন্যান্য হত্যার বিচার নিশ্চিত করবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের উন্নয়নে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এজন্যই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি।
তিনি বলেন, ‘আমি তারেক রহমানের কাছে আমার ছেলের হত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার দাবি করেছি। পাশাপাশি রংপুর অঞ্চলে কর্মসংস্থানের অভাবের কথা তুলে ধরে একটি চিনি কল ও শিল্পকারখানা স্থাপনের দাবি জানিয়েছি, যাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়।’
এ ছাড়া তিনি আবু সাইদের নামে একটি মসজিদ ও একটি স্টেডিয়াম নির্মাণের জন্য সহায়তা চেয়েছেন জানিয়ে মকবুল হোসেন বলেন, ‘তারেক রহমান আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ক্ষমতায় এলে এসব দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবেন।’
আবু সাইদের বোন সুমি খাতুন জানান, তারেক রহমান তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন ও এলাকার উন্নয়নের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। ‘আমাদের পক্ষ থেকে মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানানো হয়েছে, যাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি জুলাই শহীদদের হত্যাকাণ্ডের বিচার আমাদের অন্যতম প্রধান দাবি’ বলেন আবু সাঈদের বোন।
আবু সাইদের মা মনোয়ারা বেগম জানান, তারেক রহমান তাদের বাড়িতে এসে খোঁজখবর নেওয়ায় তিনি আবেগাপ্লুত। ‘তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কেমন আছি ও আমার পরিবার কেমন আছে। তিনি বলেছেন, যদি ক্ষমতায় আসেন, তাহলে আমাদের জন্য কিছু করবেন’ বলেন মনোয়ারা বেগম।