সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী বাজারে ৮ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম জানান, রাতের আধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে খড়কুটো স্তূপ করে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের টিনের চাল ও বেড়ার একাংশ পুড়ে যায়। তবে আগুন ভেতরে প্রবেশ না করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, আগুন ভেতরে ঢুকলে পুরো মার্কেটটি পুড়ে যাওয়ার শঙ্কা ছিল। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে। খবর পেয়ে সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে, যা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।