পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য।’
সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মহেশখালীতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, মহেশখালীতে একটি স্মার্ট ইকোনমিক জোন গড়ে তোলা হবে। লবণ শিল্পকে আধুনিকায়নের উদ্যোগ নেবে জামায়াতে ইসলামী। পাশাপাশি কক্সবাজারকে সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চেয়েও উন্নত নগরীতে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, দেশে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্যের সংস্কৃতি বন্ধ করা হবে। এসব অপসংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করাই জামায়াতের অঙ্গীকার।
শিক্ষিত বেকারদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে নতুন বাংলাদেশের উদয় হবে।
নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোটারদের প্রতি আহ্বান জানান।