বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাছ থেকে বাংলাদেশের মানুষের নতুন করে আর কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মুফতি রেজাউল করিম বলেন, ‘বিএনপির শাসন আমরা বেশ কয়বার দেখেছি, সে সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে তারাও বিএনপির সঙ্গে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে শরিয়াহ অনুযায়ী নয়; প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই।’
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে একদলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় উল্লেখ করে তিনি বলেন, সেই পালাবদলেই আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। এসব কিছুর পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদসহ দলের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।