জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) সংসদ সদস্য প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ)-কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। নির্বাচনী প্রচারণায় ড্রোন ক্যামেরা ব্যবহারের অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মেলান্দহ হাজরাবাড়ী পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুসা মিয়া লিখিত অভিযোগে সিভিল জজ আদালত, বকশীগঞ্জে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন নোটিশটি জারি করেন।
এর আগে গত ২২ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩, ৯ ও ১৮ লঙ্ঘনের অভিযোগেও তাকে শোকজ করা হয়েছিল।
নোটিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেলে মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাওয়াই রোড থেকে থানা মোড় পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী শুভ। ওই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। এ ঘটনায় গত রোববার মেলান্দহ হাজরাবাড়ী পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুসা মিয়া লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি সংশ্লিষ্ট ভিডিও ক্লিপসহ বিষয়টি যাচাই করে প্রাথমিক সত্যতা পায়।
এতে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৯(চ) অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় ড্রোন, কোয়াডকপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহার করতে পারবেন না। ফলে শুভর মিছিলে ড্রোন ব্যবহারের ঘটনা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সে বিষয়ে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘আমরা নিজেরা কোনো ড্রোন ব্যবহার করিনি। কোনো সাংবাদিক পেশাগত প্রয়োজনে ব্যবহার করে থাকলে সেটি আমাদের অজানা ছিল। আগে থেকে আমরা কাউকে ড্রোন ব্যবহারের জন্য বলিনি।’
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, নোটিশের কপি পাওয়ার পরই তা জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।