সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখনই ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে সে আর বাড়ি ফিরে যেতে পারবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভাটি অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি–জামায়াত–দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোট নয়, বরং আগামী ১০০ বছরে বাংলাদেশে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের চরিত্র কেমন হবে— তার সিদ্ধান্ত নির্ভর করবে এই নির্বাচনের ওপর। তিনি বলেন, খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধা অনুযায়ী চাকরি পাবে কি না, সেটাও নির্ধারিত হবে আপনাদের ভোটের মাধ্যমে।
তিনি আরও বলেন, ‘এতদিন যাদের আমরা নেতা বানিয়েছি, যারা আমাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় গেছে, তারা এসি বাসে ঘুরেছে, টাকা লুট করে বিদেশে সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করেছে। লন্ডন-আমেরিকায় ঘুরে বেড়ালেও কখনো আপনাদের মানুষ মনে করেনি। এখন সময় এসেছে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার।’
শিক্ষার্থী ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গত ১৭ বছরে যাদের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, যারা বিদেশে বসে রাজনীতি করেছে, তাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, যারা ঋণখেলাপি, ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে এবং দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে আপস করেছে, তাদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না।
তিনি বলেন, শাহজাদপুরবাসী কোনো দলের জন্য নয়, বরং দেশের ভাগ্য পরিবর্তনের জন্য ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে এখানে সমবেত হয়েছেন।
নির্বাচনে আর মাত্র চার দিন বাকি উল্লেখ করে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শাহজাদপুরের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে শাপলা কলি মার্কার পক্ষে প্রচারণা চালাতে হবে।
জনসভায় সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী আলহাজ রফিকুল আলম খান এবং সিরাজগঞ্জ-৬ আসনের এনসিপির মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ।
বক্তারা অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং শাপলা কলি মার্কার পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।