কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় একটি ফিশিং ট্রলারের ধাক্কায় আরেকটি মাছ ধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন একজন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিহত জেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহত জেলের নাম আক্তার আলম বাদশা (৫৫)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলের নাম জিয়াবুল মোহাম্মদ হোসেন।
স্থানীয় সূত্র ও ট্রলার মালিকের বরাতে জানা গেছে, উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিনের মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ ট্রলারটি নিয়ে গত শুক্রবার ১৫ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। রোববার দুপুরের আগে জেলেরা জাল উঠানোর সময় দ্রুতগতিতে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলার নুরুন নাহার-১ ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায় এবং জেলেরা সাগরে ছিটকে পড়েন।
এ সময় আক্তার আলম বাদশা ঘটনাস্থলেই মারা যান। অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। বাকি ১৩ জন জেলেকে আশপাশে থাকা অন্যান্য ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়।
নিহত ও উদ্ধার হওয়া জেলেরা সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছান। পরে তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলারের ধাক্কায় ট্রলার ডুবে একজন জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।