ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় নিহতের নিজ দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত সুসেন চন্দ্র সরকার উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি বগার বাজার চৌরাস্তায় মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন গণমাধ্যমে বলেন, ‘রাত ১১টার দিকে অজ্ঞাতনামা লোকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যার পর মরদেহ দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে রেখে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে শাটার খুলে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের ছেলে সুজন সরকার বলেন, ‘আমাদের চালের ব্যবসা দীর্ঘদিনের। আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।’
ওসি ফিরোজ বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’