রাজধানীর পূর্বাচলের নীলা মার্কেটে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের অন্তত পাঁচটি দোকান ভষ্মিভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ‘ভোর পাঁচটার দিকে নীলা মার্কেট এলাকায় আগুনের খবর পাই। স্থানীয়রা সোয়া পাঁচটার দিকে আমাদের জানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আমরা যদি আরও দেরিতে পৌঁছাতাম, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারত।’
ফায়ার সার্ভিস আরও জানায়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।