রাজনৈতিক পটপরিবর্তনের ব্যালট আর উৎসবের আমেজে প্রস্তুত পুরো দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর এখন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে। তারা কে কোথায় ভোট দেবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা যে যার নির্বাচনী আসনে ভোট দেবেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দীর্ঘ ১৭ বছর লন্ডনের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে তিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। শায়রুল জানান, তারেক রহমান গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন। ভোট কেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। জামায়াত আমির ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। ডা. শফিকুর রহমান দলীয় প্রধান এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্যেরও প্রধান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লার দাউদকান্দি গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জা আব্বাস- শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডক্টর আব্দুল মঈন খান- নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু- সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ঢাকা ১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মামুনুল হক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদপুরে ভোট প্রদান করবেন। মামুনুল হক বৃহস্পতিবার সকাল ৮টায় মোহাম্মদপুরে সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২য় ও ৩য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদ (ফকির খালি রোডের মাথা) এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন নিজের মাকে সঙ্গে নিয়ে কাউনিয়ার ভায়েরহাট (টেপা মধুপুর) কেন্দ্রে ভোট দেবেন। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর নিউমার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন। দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সকাল ৯টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম সকালে ভোটগ্রহণের শুরুতে বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার সকালে ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে ভোট দেবেন। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ সকাল ৮টায় বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট প্রদান করবেন।
এবি পার্টির চেয়ারম্যান এবং ফেনী সদর আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান ভূঁঞা মঞ্জু আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টায় মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ফেনীর শর্শদি উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রদান শেষে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করবেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (বাবুগঞ্জ) আসনে মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে স্ত্রীসহ ভোট প্রদান করবেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় নলদোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া কুমিল্লা-৫ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টায় বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। এ ছাড়া সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম বৃহস্পতিবার সকাল ৮টায় স্ত্রীকে সঙ্গে নিয়ে পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।