ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকায় সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন বাসটির সুপারভাইজার বলে জানা গেছে, তার নাম শরিফুল ইসলাম। এছাড়া তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি তেল নিতে পেট্রোল পাম্পে ঢুকেছিল। এমন সময় সামনে থেকে আরেকটি গাড়ি চলে আসলে সেই গাড়িকে সাইট দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। বাসটির নিচে চাপা পড়ে থাকা দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।