বাগেরহাট সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয় জামায়াত কর্মী আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের হালদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন তুহিন শেখ, রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, সাকিবুল শেখ ও আলী মল্লিক। তারা সবাই সদর উপজেলার বারুইপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, হালদারপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা স্লিপ বিতরণ করছিলেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ছয় কর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জামায়াত কর্মীদের অভিযোগ, লিটু মেম্বারের নেতৃত্বে ধানের শীষ সমর্থিত একটি দল হালদারপাড়া এলাকায় গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করে লিটু মেম্বার বলেন, ‘জামায়াত কর্মীরাই আমাদের ওপর হামলা করেছে।’ ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’