নোয়াখালীতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল উত্তেজিত নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কার্যালয়টি তাদের দখলে নেন। এ সময় সেখানে আওয়ামী লীগের জেলা পর্যায়ের কোনো শীর্ষ নেতাকে দেখা না গেলেও কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কার্যালয় দখলের পর নেতাকর্মীরা বর্তমান জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে নবনির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। একইসঙ্গে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এসময় নেতাকর্মীরা ‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এবং ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এক হও’-বলে স্লোগান দেন।
এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও তৃণমূলের এই নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানানো এবং একইসঙ্গে জামায়াত-বিরোধী অবস্থান নেওয়াকে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন অনেকে ।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভাঙা এবং প্রকাশ্যে কার্যালয় দখলে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কার্যালয় ও এর আশেপাশে প্রশাসনের কেউ মোতায়েন না থাকলেও পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি অবগত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।