মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আইনজীবী শহিদুল ইসলাম (৩৬) শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন জানান, মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা এলাকায় মো. রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে বুধবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।