‘যখন যে সরকার যে দল ক্ষমতায় আসে, তারাই ভাষা আন্দোলনের ইতিহাস রচনা করে। আর সে কারণেই ইতিহাসে আমরা কখনো দেবতা, কখনো হয়ে যাই ইবলিশ-এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি আসার পর থেকে ভাষা আন্দোলনের যারা সত্যিকারের নায়ক তাদের ছবিটাকে ধীরে ধীরে মুছে যেতে দেখলাম। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।’
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিউল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভুইয়া, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তব্যে রুমিন ফারহানা বলেন, পাকিস্তান আমলে যখন ঘোষণা দেওয়া হয়েছিল-উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, তখন সেই জনসভায় প্রথম প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে ‘নো নো নো’ বলেছিলেন তার পিতা, ভাষা সৈনিক অলি আহাদ। সেই প্রতিবাদের ধারাবাহিকতাই পরবর্তীতে ভাষা আন্দোলনকে বেগবান করে এবং জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে দেয়।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ভাষার উন্নয়ন ও চর্চায় বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে। প্রতিবছর মাতৃভাষা দিবস পালিত হলেও নীতিনির্ধারণী আলোচনার বাইরে দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত-এমন মন্তব্যও উঠে আসে সভায়।