কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের উত্তর কমলাপুর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে থানা পুলিশকে জানায়। এসময় থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়িকে অবহিত করে। পরে নৌপুলিশের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তবে ওই যুবকের পরিচয় এখনো মেলেনি। তার আনুমানিক বয়স ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ। তার পরনে ছিল কালো রংয়ের প্যান্ট ও ঘিয়া রংয়ের শার্ট।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুর রহমান জানান, গড়াই নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। বিস্তারিত ময়না তদন্তের প্রতিবেদন আসার পরে জানা যাবে।