কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে দুজনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। সদর উপজেলার বটতৈল ইউনিয়নের আদর্শপাড়া গোরস্থানে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় আমেনা খাতুন ও কমেলা খাতুনের জানাজার নামাজ পড়ান কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
এর আগে দুপুর ২টার দিকে কুষ্টিয়ার বাইপাস এলাকায় কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে গ্যাসবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। নিহত বাকি তিনজনের জানাজার নামাজ রোববার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শিরিন খাতুন, একই এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন এবং তাদের মেয়ের জামাই অটোরিকশাচালক বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের মো. জাকারিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সংঘর্ষের সময় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই নারীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইওয়ে পুলিশ লরি ও অটোরিকশাটি জব্দ করলেও লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন।