হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৯ মার্চ) চার হাজার ৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজন আন্তর্জাতিক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ রেইডিং টিম এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার সি-২ বোর্ডিং ব্রিজ স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান নেয়। ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নং বিএস৩৮১-এর এক যাত্রী বোর্ডিং ব্রিজের পাঁচ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩১)। তার বাবার নাম আব্দুল রশিদ মোল্লা ও মায়ের নাম সোনাই বিবি। তার বাড়ি ঢাকা জেলার দোহার থানার মেঘুলা ডাকঘরের মধুরচর গ্রামে।
আটককৃত ব্যক্তির দেহ ও কাঁধে থাকা ব্যাগ বিধি মোতাবেক তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাঁধব্যাগের ভেতরে কার্বন ও স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের প্যাকেটে অত্যন্ত সুকৌশলে লুকানো মোট চার হাজার ৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম জানান, সালাউদ্দিন (২৭) নামের এক ব্যক্তি তাকে এই প্যাকেটটি দিয়েছিলেন। সালাউদ্দিনের বাবার নাম ইব্রাহীম শেখ এবং তার বাড়ি দোহার থানার মকসুদপুর এলাকায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সৌদি আরবে অবস্থানরত নুরুল আমীন নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। নুরুল আমীন গ্রেপ্তারকৃত সাইদুল ইসলামের বড় ভাই।
সাইদুল আরও স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যান এবং বিনিময়ে সৌদি আরব থেকে সোনা চোরাচালান করে বাংলাদেশে নিয়ে আসেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম (৩১) ও পলাতক সালাউদ্দিনের (২৭) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।