রাজধানীর উত্তরায় স্কুল থেকে ফেরার পথে বাবার সামনে থেকে জোরপূর্বক অপহরণ করা দশম শ্রেণির সেই শিক্ষার্থীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) গাজীপুরের পুবাইল এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২২ এপ্রিল দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে এই চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুল থেকে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। পথে লামীন নামের এক কিশোর তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাবা তার সর্বশক্তি দিয়ে মেয়েকে রক্ষার চেষ্টা করলেও আরেক যুবক সেখানে যোগ দেয়। তারা বাবাকে মারধর করে ওই ছাত্রীকে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার দিনই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ৯ দিন পর গাজীপুরের পুবাইল থেকে তাকে উদ্ধার করা হয়।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং কী কারণে এই অপহরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত অন্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।