রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ধানমন্ডি থানা পুলিশের সদস্যরা। এ সময় পুলিশের ছোড়া গুলিতে এক ছিনতাইকারী আহত হন। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউন হলের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, একটি চিহ্নিত ছিনতাইকারী চক্র বড় ধরনের অপরাধের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসান আলমের নির্দেশনায় অভিযান পরিচালনা করে ধানমন্ডি থানার ছিনতাই প্রতিরোধ ও সিয়েরা মোবাইল টিম।
পুলিশের ভাষ্যমতে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হাতে চাইনিজ কুড়াল, চাপাতি ও চাকু ছিল।
আরও জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর হামলাকারীরা আরও আক্রমণাত্মক হয়ে উঠলে তিনি নিজের পিস্তল থেকে আরও দুই রাউন্ড গুলি করেন। এতে এক ছিনতাইকারীর পায়ের আঙুলে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ছিনতাইকারী এবং পলাশ নামে আরও একজনকে আটক করে পুলিশ।
এ সময় একটি চাইনিজ কুড়াল, চাপাতি, ধারালো চাকু এবং ভয় দেখানোর কাজে ব্যবহৃত একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে আসছিল।
আটক দুজনকে পুলিশ পাহারায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানানো হয়েছে।