রাজধানীর বনানী থানাধীন মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় হামলার শিকার হয়ে মো. মামুন (৩০) নামে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই বাসার মালিক মো. সুমন জানান, দুপুর ১টার দিকে মামুন ওই নারীকে বাসায় নিয়ে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রচণ্ড কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারী মামুনের পেটে ছুরিকাঘাত করেন এবং তার পুরুষাঙ্গ কেটে দেন। এ সময় মামুনের চিৎকার শোনার পর আমরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে দ্রুত উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিউটি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
মামুনের চাচা মো. মোকসেদ আলী জানান, মামুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মালিহাটি গ্রামে। তার বাবার নাম বাবুল আহমেদ। তারা দুই ভাই এক বোন। মামুন বাংলাদেশ রেলওয়েতে গত ১ জুলাই থেকে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে যোগ দেন। পাঁচ বছর আগে মামুনের বিয়ে হয়। তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বনানী থানাকে অবগত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।