রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মোবাইল ফোন চুরির ঘটনায় নারীসহ দুইজনকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (১৯ জুলাই) সকাল ৬টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নোয়াখালী থেকে চিকিৎসা নিতে আসা সাহিদ নামের এক রোগীর মোবাইল ফোন চুরি করে পালানোর সময় তিনি চিৎকার শুরু করেন। বিষয়টি শুনে নিচতলার গেটে দায়িত্বরত আনসার সদস্য তৌফিক ও টিটু হোসেন তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে আরিফ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেন।
প্রাথমিক তল্লাশিতে আরিফের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার না হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন, চুরি করা ফোনটি তার সহযোগী রিক্তি আক্তার (২১)-এর কাছে দিয়ে দিয়েছেন।
আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে আনসার সদস্যরা রিক্তি আক্তারকে আটক করেন এবং তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে আটক দুইজনকে উদ্ধার হওয়া মোবাইলসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, সরকারি হাসপাতালে চিকিৎসক, রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি-ছিনতাই প্রতিরোধে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। তাদের তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপে চুরি হওয়া মোবাইল উদ্ধার হওয়ায় উপস্থিত রোগী ও স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।