প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটার জাল করে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৩ আগস্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী, মীর তৌহিদুল ইসলাম এবং মো. বকুল মণ্ডল (৩৫)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের জাল সিল, স্বাক্ষর, অফিসিয়াল লেটারহেড, কম্পিউটার, প্রিন্টিং সরঞ্জাম এবং বিভিন্ন জাল নথিপত্র রয়েছে।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে জাল কাগজপত্র তৈরি করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে আসছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তাররা অত্যন্ত গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করতেন। সমাজে তারা সাধারণ মানুষের মতো চলাফেরা করলেও আড়ালে সংঘবদ্ধভাবে জালিয়াতির একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের পর তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তারা কতদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।