রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, আসলাম মিয়া (২৫), মো. আশিকুল ইসলাম (২৪), মো. মাহফুজুর রহমান সিয়াম(১৯), মো. মনির হোসেন (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মোটরসাইকেলযোগে কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টার্মিনাল এলাকার সামনে দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে ককটেল বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।