রাজধানীর মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলে ‘আশিক বাহিনী’ নামে পরিচিত একটি গ্রুপের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন মো. নওশাদ নামে এক ব্যবসায়ী। ব্যবসা চালু রাখতে পরবর্তী সময়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্যও তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ব্যবসা পরিচালনার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন নওশাদ।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নওশাদ বলেন, গত কয়েক বছর ধরে তিনি ‘মপটা ফোর’ নামে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। এ ব্যবসার আয় দিয়েই তিনি ও তার পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ হয়।
তার অভিযোগ, গত এক বছর ধরে তার ইন্টারনেট ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এ জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। কখনো সরাসরি এসে, আবার কখনো মোবাইল ফোনে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
নওশাদ দাবি করেন, কয়েকদিন আগে মিরপুরের ‘আশিক বাহিনী’র প্রধান আশিক তাকে ফোন করে ব্যবসা বন্ধ করে তাদের হাতে তুলে দিতে বলেন। ব্যবসা চালিয়ে যেতে হলে ১০ লাখ টাকা দিতে হবে এবং পরবর্তী সময়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হবে বলেও তাকে জানানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, ব্যবসা দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র রাখার অভিযোগ করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
নওশাদের ভাষ্য, ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। পরে তাকে সম্মানের সঙ্গে ছেড়ে দেওয়া হয়।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একই ধরনের অভিযোগে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল বলে জানান নওশাদ। তার দাবি, তদন্তে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা না পাওয়ায় তাকেও ছেড়ে দেওয়া হয়।
নওশাদ আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে চাপ সৃষ্টি করেও ব্যর্থ হয়ে এখন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কয়েকদিন আগে মিরপুরের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে দিয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন নওশাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের ব্যবসা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
তবে সংবাদ সম্মেলনে করা এসব অভিযোগের বিষয়ে ‘আশিক বাহিনী’ বা অভিযুক্ত আশিকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।