রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী প্রধান শিক্ষিকা। জানা গেছে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
সূত্র মতে, চিকিৎসার জন্য রাতে বগুড়া থেকে রাজধানীতে আসেন রনজিনা পারভীন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন। সেখান থেকে রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছামাত্র পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক এ টানে তিনি রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা সংবেদনশীল এলাকার সামনে এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও ছিনতাইকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।