রাজধানীর মিরপুরের পল্লবীর ওয়াপদা বিহারি ক্যাম্প থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ বাড়িটি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ওই বাসায় গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশায় থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।