বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে নতুন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসীরা মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ‘বিশেষ নিবন্ধন’ পদ্ধতি চালু করা হয়েছে। যারা আগে বায়োমেট্রিক মোবাইল নম্বর দিয়ে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন; কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ‘ওটিপি’ ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য এনবিআর সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে।
নতুন এই পদ্ধতিতে ই-মেইল ভেরিফিকেশন পেতে প্রবাসী করদাতাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আবেদনকারীকে তার নিজস্ব ই-মেইল ঠিকানা থেকে [email protected] ঠিকানায় একটি মেইল পাঠাতে হবে। সঙ্গে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভিসার পাতার কপি, বিদেশের ঠিকানা, বিদেশের মোবাইল বা টেলিফোন নম্বর ও সবশেষ দেশত্যাগের তারিখের প্রমাণপত্র যুক্ত করতে হবে।
দাখিল করা কাগজপত্র ও তথ্য যাচাই শেষে এনবিআর ই-মেইল ভেরিফিকেশনের আবেদন অনুমোদন করবে। এরপর করদাতারা তাদের ভেরিফায়েড ই-মেইলে পাঠানো ওটিপি ব্যবহার করে সহজেই পাসওয়ার্ড রিসেট, নিবন্ধন সম্পন্ন ও ই-রিটার্ন সংক্রান্ত সব কাজ সহজে করতে পারবেন।
এনবিআর আরও জানিয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের এই সহজ পদ্ধতি করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫-২০২৬ কর বছরে এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
এ ছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে ২০২৫-২০২৬ কর বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য সকল ব্যক্তিশ্রেণির করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।