মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় যেকোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো (ফিলিং স্টেশন) বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে সংগঠনটি।
এতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এখন বস্তবতাটা এমন যে দেশে যে কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী আছেন, তারা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত, বিরক্ত হয়ে পড়ছেন।
এছাড়াও দীর্ঘসময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় পাম্পে কর্মরতরা শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সবমিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারাদেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে।
একই সঙ্গে পেট্রোল পাম্পগুলো তেল দেওয়ার নজেল ম্যানরাও বিরক্ত, তারা ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি, গণ্ডগোল করতে করতে আর পেরে উঠছে না। আসলে এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে অবস্থা এখন এমনিই হয়ে পড়েছে, যে কোনো সময় সারাদেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা এবং তেল সরবরাহ না পাওয়ায় বন্ধ হেয়ে যেতে পারে।